টাঙ্গাইলের মহাসড়কে প্রাইভেট কার ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন, আরও দুজন আহত। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের জোকারচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো. শরিফ (৪১) এবং একই গ্রামের আমজাদ আলীর ছেলে ভ্যানচালক আমির আলী (৪০)। পুলিশ জানায়, যমুনা সেতু এলাকা থেকে ঢাকার দিকে যাওয়া একটি প্রাইভেট কার সড়ক পার হওয়ার সময় ভ্যানের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এতে কার ও ভ্যানে থাকা চারজন আহত হন।
স্থানীয় লোকেরা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক মো. শরিফকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ভ্যানচালক আমির আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।