দেশের নতুন মন্ত্রিসভার ৫০ জন সদস্যকে নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব এ এস এম ইবনুল হাসান স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মন্ত্রিসভার সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
মন্ত্রিপরিষদ সূত্রে জানা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৫০ জনকে ধরে প্রয়োজনীয় প্রস্তুতি রাখা হয়েছে। তবে তারেক রহমানের মন্ত্রিসভা এর চেয়ে কিছুটা ছোটও হতে পারে, আবার পূর্ণ ৫০ জন নিয়েও গঠিত হতে পারে।
চিঠিতে উল্লেখ করা হয়, আজ ১৭ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার বিকাল ৪টায় বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। এ প্রেক্ষিতে মন্ত্রিসভার (৫০ জন) সদস্যদের যথাযথ নিরাপত্তা প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
এ চিঠির অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের আইজিপি, এসবির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, ডিএমপির কমিশনার এবং ডিএমপির উপপুলিশ কমিশনারকে (প্ররক্ষা) পাঠানো হয়েছে।