রমজান উপলক্ষে বিশ্ব মুসলিমের প্রতি শুভেচ্ছা জানালেন মির্জা ফখরুল

0
28
রমজান উপলক্ষে বিশ্ব মুসলিমের প্রতি শুভেচ্ছা জানালেন মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমানকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। একই সঙ্গে তিনি কামনা করেছেন, সংযমের মধ্য দিয়ে হিংসা-প্রতিহিংসা, অপরের অমঙ্গল কামনা, অশ্লীলতা ও পঙ্কিলতা থেকে মুক্ত হয়ে সমাজজীবনে শান্তি, স্বস্তি ও ইনসাফ ফিরে আসুক।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রমজান উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, রমজানের প্রধান ইবাদত হলো সিয়াম বা রোজা রাখা। পবিত্র এই মাসে একজন রোজাদার মহান রাব্বুল আলামিনের কাছে করুণা প্রার্থনা করলে আল্লাহ সন্তুষ্টচিত্তে তাকে ক্ষমা করে দেন।

তিনি বলেন, রমজান অত্যন্ত মর্যাদাশীল ও বরকতময় মাস। আল্লাহ তাআলা বলেন— “রমজান মাস, এতে মানুষের এবং সৎ পথের সুস্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারীরূপে কোরআন অবতীর্ণ হয়েছে।” এ কারণে রমজান মাসের বিশেষ গুরুত্ব অনেক বেশি বলেও তিনি উল্লেখ করেন।

বাণীতে আরও বলা হয়, পবিত্র রমজান ইবাদতের বিশেষ মৌসুম। সিয়াম সাধনার মাধ্যমে মানুষের গুনাহ দূর হয় এবং আত্মিক ও আধ্যাত্মিক পূর্ণতার ক্ষেত্র তৈরি হয়। এ মাসের মূল উদ্দেশ্য পাপ থেকে বিরত থাকা এবং ঈমান ও তাকওয়া অর্জন করা। রমজানে রোজা ও ইবাদতে আল্লাহর আশীর্বাদ বহুগুণে বর্ষিত হয় বলেও বাণীতে উল্লেখ করেন বিএনপি মহাসচিব।

শেষে তিনি মাহে রমজানে সবার সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন।