চট্টগ্রামের হালিশহরে গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আসুরা আক্তার পাখি (৩০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১০টা ৪৭ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আসুরা আক্তার পাখির বাড়ি চাঁদপুর জেলার কচুয়া থানার রহিমানগর গ্রামে। তিনি আবুল বাশারের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, পাখি আক্তারের শরীরের ১০০ শতাংশ দগ্ধ ছিল। পাশাপাশি তার শ্বাসনালিতে দগ্ধজনিত ক্ষতি (ইনহেলেশন ইনজুরি) ছিল, যা তার শারীরিক অবস্থাকে আরও জটিল করে তোলে। নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে একই ঘটনায় নুরজাহান আক্তার, তার ছেলে শাওন এবং দেবর সুমনের মৃত্যু হয়। সর্বশেষ পাখি আক্তারের মৃত্যুর মধ্য দিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল চারজন।
এদিকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও পাঁচজন বর্তমানে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের মতে, তাদের অবস্থাও আশঙ্কাজনক।
প্রসঙ্গত, চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় গ্যাস লাইনে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের নয়জন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।