পদত্যাগ করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী

0
15
পদত্যাগ করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আজ বুধবার পদত্যাগ করেছেন। ডিএমপির উপ-কমিশনার তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২৪ সালের নভেম্বরে তিনি ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নেন। সাজ্জাত আলী ১৯৮৪ সালে ষষ্ঠ বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন।

জানা গেছে, তিনি ‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে পুলিশ সদরদপ্তরে চিঠি পাঠিয়েছেন।

উল্লেখ্য, গতকাল ১৫তম বিসিএসের কর্মকর্তা মো. আলী হোসেন ফকিরকে বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দেয় সরকার। তার নিয়োগের পরদিনই ডিএমপি কমিশনারের পদত্যাগের খবর আসে।

পুলিশের একাধিক সূত্রের মতে, আগামী নভেম্বর পর্যন্ত মেয়াদ থাকলেও নতুন সরকার দায়িত্ব নেওয়া এবং তার চেয়ে কনিষ্ঠ কর্মকর্তাকে আইজিপি হিসেবে নিয়োগ দেওয়ার পরিপ্রেক্ষিতে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

সূত্র: দ্য ডেইলি স্টার