নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে হামলার মুখে পড়েছেন সংসদ সদস্য হান্নান মাসউদ। এ ঘটনাকে কেন্দ্র করে তাঁর সমর্থক ও প্রতিপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা একটার দিকে উপজেলার চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সহিংসতায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের খোঁজ নিতে ওই এলাকায় যান এমপি হান্নান মাসউদ। প্রকল্প বাজারে পৌঁছালে দুর্বৃত্তরা তাঁর গাড়িবহরে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। খবর ছড়িয়ে পড়লে তাঁর সমর্থক ও হামলাকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষের একপর্যায়ে এমপি হান্নান মাসউদ সড়কে বসে অবস্থান নেন। উভয় পক্ষ সড়কের দুই পাশে অবস্থান নেওয়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এদিকে হাতিয়া উপজেলা বিএনপির একাধিক নেতা অভিযোগ করেছেন, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্যের উস্কানিতে ১১ দলীয় জোটের নেতাকর্মীরা প্রকল্প বাজারে তাণ্ডব চালিয়েছেন। তাঁদের দাবি, আব্দুল হান্নান মাসউদের নেতৃত্বে বহিরাগত অস্ত্রধারীরা বিএনপির কার্যালয়, কয়েকটি দোকান ও মোটরসাইকেল ভাঙচুর করেছেন। বিএনপি নেতাদের ভাষ্য, প্রায় তিন ঘণ্টাব্যাপী ঘটনায় নারীসহ ৩০ জনের বেশি স্থানীয় ব্যক্তি হামলার শিকার হয়েছেন।
অভিযোগের বিষয়ে এমপি হান্নান মাসউদ বলেন, তিনি প্রকল্প বাজার পরিদর্শনে গেলে বেলাল মাঝির নেতৃত্বে চিহ্নিত সন্ত্রাসীরা তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত তিনি অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলেও জানান। তিনি দাবি করেন, বেলাল মাঝি অতীতেও সহিংস ঘটনায় জড়িত ছিলেন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম বলেন, তিনি ঘটনাস্থলে রয়েছেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।