ঈদে লঞ্চভাড়া বাড়বে না, থাকবে কড়াকড়ি নজরদারি: নৌমন্ত্রী

0
18
ঈদে লঞ্চভাড়া বাড়বে না, থাকবে কড়াকড়ি নজরদারি: নৌমন্ত্রী

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে লঞ্চভাড়া না বাড়ানোর ঘোষণা দিয়েছেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, কোনোভাবেই ভাড়া বাড়ানো যাবে না এবং বিষয়টি কঠোর নজরদারিতে রাখা হবে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে ঈদযাত্রা সামনে রেখে নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে আয়োজিত প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। সভা অনুষ্ঠিত হয় নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে। এ সময় সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং নৌপরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান উপস্থিত ছিলেন।

মন্ত্রী জানান, ঈদে অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না এবং ভাড়া বাড়ানোর সুযোগ নেই। মালিকপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে এবং তারা ভাড়া না বাড়ানোর অঙ্গীকার করেছেন। আইন ভঙ্গ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে মোবাইল কোর্ট সার্বক্ষণিক তদারকি করবে বলেও জানান তিনি।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ২৬টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, গতবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ছিল, এবার আরও উন্নত ব্যবস্থাপনার লক্ষ্য নিয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে।

গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত যানজট এড়াতে সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশ কাজ করবে জানিয়ে তিনি বলেন, অবৈধ পার্কিং ও ফুটপাতের দোকান উচ্ছেদ করা হবে। সদরঘাট টার্মিনালে যাত্রী হয়রানি বা দৌরাত্ম্য বরদাস্ত করা হবে না। হকার ও অবৈধ জটলা নিয়ন্ত্রণেও ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী জানান, লঞ্চ নির্ধারিত সময়েই ছাড়বে এবং নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ড ও নৌ পুলিশ সক্রিয় থাকবে। ঈদের আগে ও পরে পাঁচ দিন বাল্কহেড চলাচল বন্ধ রাখা হবে, যাতে যাত্রীবাহী নৌযান চলাচলে বিঘ্ন না ঘটে।

এবারের ঈদযাত্রা অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো হবে এবং যাত্রীরা স্বস্তিতে বাড়ি ফিরতে পারবেন বলে আশা প্রকাশ করেন শেখ রবিউল আলম।