ফেনীর সোনাগাজী উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আল সাঈদ ও তার অফিস সহায়ককে ঘুষের টাকাসহ আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পিআইও কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
দুদক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের নামে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ছিল তার বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতেনাতে এক লাখ টাকা ঘুষসহ তাদের আটক করা হয়।
দুর্নীতি দমন কমিশনের নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক মো. ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযানের সময় উদ্ধার করা এক লাখ টাকা ঘুষ হিসেবে নেওয়া হয়েছিল।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, মোহাম্মদ আল সাঈদ এর আগে বিভিন্ন প্রকল্প থেকে আরও পাঁচ লাখ টাকা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় পাঁচটি সেতু নির্মাণে ১২ লাখ টাকা ঘুষ দাবি করার তথ্যও পাওয়া গেছে।
দুদক জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের পুলিশে সোপর্দ করা হবে।