ফ্যামিলি কার্ড নিয়ে ভুয়া খবর ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী এ জে ড এম জাহিদ হোসেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে নবাবগঞ্জ, বিরামপুর, ঘোড়াঘাট ও হাকিমপুর—এই চার উপজেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, “ফ্যামিলি কার্ড নিয়ে ফেক নিউজ দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে অনেকে। সেটাকে প্রতিরোধ ও কীভাবে কমিয়ে আনা যায়, সে বিষয়ে কাজ করতে হবে।” তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের আহ্বান জানান, সাধারণ মানুষকে আশ্বস্ত করতে হবে এবং কোনোভাবেই বিভ্রান্ত হতে দেওয়া যাবে না।
তিনি আরও বলেন, এটি প্রধানমন্ত্রী তারেক রহমান-এর অগ্রাধিকার প্রকল্প। আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন। কর্মসূচিটি সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে।
মন্ত্রী জোর দিয়ে বলেন, কোনো ধরনের দুর্নীতি যাতে এই কর্মসূচিকে স্পর্শ না করে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। বর্তমান সরকার ও প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা দুর্নীতিতে জড়াবেন না বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।