ইসরাইলি হামলার পর ইরানে মোবাইল নেটওয়ার্ক বিপর্যস্ত, ইন্টারনেট বন্ধের আশঙ্কা

0
17
ইসরাইলি হামলার পর ইরানে মোবাইল নেটওয়ার্ক বিপর্যস্ত, ইন্টারনেট বন্ধের আশঙ্কা

ইসরাইলের সাম্প্রতিক হামলার পর ইরানের বিভিন্ন এলাকায় মোবাইল নেটওয়ার্ক মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, অনেক জায়গায় ফোনে কথা বলা কঠিন হয়ে পড়েছে, এমনকি রাজধানী তেহরানেও স্বাভাবিকভাবে মোবাইল যোগাযোগ সম্ভব হচ্ছে না।

তেহরানের বাসিন্দারা আশঙ্কা করছেন, যে কোনো সময় পুরো দেশে ইন্টারনেট সংযোগও বন্ধ হয়ে যেতে পারে। সাম্প্রতিক পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থার এই বিঘ্ন সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।

মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, ইরানের ওপর চালানো এই হামলা ছিল যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযানের অংশ। আল জাজিরার তথ্য অনুযায়ী, দুই দেশের সমন্বিত পরিকল্পনার ভিত্তিতেই এ হামলা পরিচালিত হয়েছে।

এর আগে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে, তারা ইরানে ‘প্রতিরোধমূলক হামলা’ শুরু করেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে এক জরুরি বিবৃতিতে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ এ ঘোষণা দেন। হামলা শুরুর পরপরই তিনি পুরো ইসরাইলজুড়ে ‘বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থা’ জারি করেন।

বর্তমান পরিস্থিতিতে সম্ভাব্য পাল্টা আক্রমণ মোকাবিলায় ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। অন্যদিকে ইরানে যোগাযোগ ব্যবস্থার অচলাবস্থা সংকটকে আরও গভীর করছে এবং সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। তথ্যসূত্র : আল-জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here