মধ্যপ্রাচ্যে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলে ৬ মৃত্যু ও সৌদি-সাইপ্রাসে আতঙ্ক

0
19
মধ্যপ্রাচ্যে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলে ৬ মৃত্যু ও সৌদি-সাইপ্রাসে আতঙ্ক

ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর পর মধ্যপ্রাচ্যজুড়ে শুরু হওয়া পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে ইসরায়েলের বেইত শেমেশ শহরে ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

রোববার (১ মার্চ) জেরুজালেম থেকে প্রায় ৩০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই শহরে সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত ছয়জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন বলে আল জাজিরা ও রয়টার্স নিশ্চিত করেছে। ইসরায়েলি জরুরি চিকিৎসা সেবা সংস্থার মুখপাত্র জাকি হেলার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকারী দল ও হেলিকপ্টার বর্তমানে হতাহতদের সরিয়ে নেওয়ার কাজ করছে।

এদিকে যুদ্ধের পরিধি আরও বিস্তৃত হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে সাইপ্রাস ও বাহরাইনে ব্রিটিশ সেনাদের অবস্থানের কাছে ক্ষেপণাস্ত্র পড়ার ঘটনায়। ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি স্কাই নিউজকে জানিয়েছেন, সাইপ্রাসে অবস্থানরত হাজার হাজার ব্রিটিশ সেনার কাছাকাছি দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এছাড়া শনিবার বাহরাইনে অবস্থানরত ব্রিটিশ সেনাদের মাত্র কয়েকশ গজ দূরে ইরানি হামলা আঘাত হানে। ব্রিটিশ মন্ত্রী একে পুরো অঞ্চলের জন্য এক ক্রমবর্ধমান বাস্তব হুমকি হিসেবে অভিহিত করে সতর্ক থাকার ঘোষণা দিয়েছেন।

আঞ্চলিক এই অস্থিরতার আঁচ লেগেছে সৌদি আরবেও। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সৌদি আরবের রাজধানী রিয়াদের পূর্ব অংশে একাধিক জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা হামলার এই সংবাদগুলো ওই অঞ্চলে এক ভয়াবহ ও পূর্ণাঙ্গ যুদ্ধের শঙ্কা বাড়িয়ে দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here