যুদ্ধে পরোক্ষভাবে যুক্ত হলো যুক্তরাজ্য: যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলো স্টারমার

0
21
যুদ্ধে পরোক্ষভাবে যুক্ত হলো যুক্তরাজ্য: যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলো স্টারমার

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে পরোক্ষভাবে যুক্ত হয়েছে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। তবে যুক্তরাজ্য সরাসরি যুদ্ধে অংশ নিচ্ছে না বলেও স্পষ্ট করেছেন তিনি।

সোমবার প্রকাশিত এক ভিডিও বার্তায় স্টারমার বলেন, উপসাগরীয় অঞ্চলের মিত্র রাষ্ট্রগুলো তাদের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাজ্যের আরও সক্রিয় ভূমিকা চেয়েছে। তিনি জানান, ব্রিটিশ যুদ্ধবিমানগুলো বর্তমানে আকাশপথে যৌথ প্রতিরক্ষা অভিযানে অংশ নিচ্ছে এবং ইতোমধ্যে ইরানের ছোড়া বেশ কয়েকটি হামলা প্রতিহত করেছে।

স্টারমার বলেন, চলমান হুমকি সম্পূর্ণভাবে বন্ধ করতে হলে ক্ষেপণাস্ত্রগুলোকে উৎক্ষেপণের আগেই ধ্বংস করতে হবে। তার ভাষায়, ইরানের যেসব গুদামে এসব মিসাইল সংরক্ষিত আছে কিংবা যেসব লঞ্চার থেকে এগুলো ছোড়া হয়, সেগুলো লক্ষ্যবস্তু করা প্রয়োজন।

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র ‘নির্দিষ্ট ও সীমিত প্রতিরক্ষা স্বার্থে’ ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুরোধ জানিয়েছিল এবং যুক্তরাজ্য সেই অনুরোধ মঞ্জুর করেছে। এই সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে স্টারমার বলেন, ইরান যেন সমগ্র অঞ্চলে নির্বিচারে মিসাইল হামলা চালিয়ে নিরীহ মানুষ হত্যা করতে না পারে, ব্রিটিশ নাগরিকদের জীবন ঝুঁকিতে না ফেলে এবং সংঘাতে জড়িত নয়—এমন দেশগুলোকে লক্ষ্যবস্তু না বানায়।

তবে তিনি পুনর্ব্যক্ত করেন, যুক্তরাজ্য সরাসরি যুদ্ধের পক্ষ নয়; তাদের ভূমিকা প্রতিরক্ষামূলক ও সীমিত পরিসরে থাকবে।

সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here