কুয়েতে তিনটি মার্কিন যুদ্ধবিমান ‘ভুলবশত’ ভূপাতিত হওয়ার ঘটনা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানায়, ইরানি হামলার প্রেক্ষাপটে কুয়েতে একটি কমব্যাট মিশনে নিয়োজিত থাকা অবস্থায় তিনটি যুদ্ধবিমান নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভুল শনাক্তকরণের কারণে ভূপাতিত হয়।
সেন্ট্রাল কমান্ডের বিবৃতিতে বলা হয়, কুয়েতের ওপর ইরান বিমানবাহিনী, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর সময় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, চলমান সংঘাতে এই প্রথমবারের মতো ইরানের পুরনো বিমান বহরকে সরাসরি যুদ্ধে অংশ নিতে দেখা গেছে।
বিধ্বস্ত হওয়া তিনটি যুদ্ধবিমানের ছয়জন ক্রু সদস্যই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। তাদের উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে সবাই স্থিতিশীল অবস্থায় রয়েছেন বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।
এ ঘটনায় কুয়েত কর্তৃপক্ষ অনাকাঙ্ক্ষিত ভুলের বিষয়টি স্বীকার করেছে। একই সঙ্গে এই ঘটনার পরও চলমান অভিযানে সহযোগিতা ও প্রতিরক্ষা বাহিনীর প্রচেষ্টার জন্য কুয়েতকে ধন্যবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র।
এদিকে, কুয়েতে বিধ্বস্ত হওয়া যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমানে হামলার দাবি করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, তারা কুয়েতে বিধ্বস্ত মার্কিন বিমানগুলোর একটিকে লক্ষ্যবস্তু করেছিল। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।