ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস থেকে প্রায় ৮৩ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতির অভিযোগে বহুল আলোচিত প্রশান্ত কুমার হালদার (পি কে হালদার) সহ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২ মার্চ) কমিশনের নিয়মিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম জানিয়েছেন, দীর্ঘ তদন্তে পর্যাপ্ত তথ্য-প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিলের এই চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
তদন্ত প্রতিবেদন অনুযায়ী, মুন এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠানের নামে ইন্টারন্যাশনাল লিজিং থেকে প্রায় ৮০ কোটি টাকা ঋণ নেওয়া হয়। তবে এই অর্থ কোনো প্রকৃত ব্যবসায়িক কাজে ব্যবহার না করে ভুয়া কাগজপত্র ও জাল জামানত দেখিয়ে স্থানান্তর ও লোপাট করা হয়েছে। এই প্রক্রিয়ায় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাদের সরাসরি যোগসাজশ খুঁজে পেয়েছে দুদক। তদন্ত কর্মকর্তারা মনে করছেন, এই বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ দেশের আর্থিক খাতের আমানতকারীদের স্বার্থ চরমভাবে ক্ষতিগ্রস্ত করেছে।
অভিযোগপত্রভুক্ত উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন পি কে হালদার, শঙ্খ বেপারী, ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক চেয়ারম্যান এম এ হাশেম, সাবেক এমডি রাশেদুল হক এবং ভাইস প্রেসিডেন্ট নাহিদা রুনাই। এছাড়া আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা ও সহযোগী এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। উল্লেখ্য যে, পি কে হালদারের বিরুদ্ধে দেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় ১০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে এবং তার বিরুদ্ধে বর্তমানে তিন ডজনেরও বেশি মামলা চলমান।