চলতি মৌসুমে লিভারপুলের ধারাবাহিকতাহীন পারফরম্যান্সের মিছিলে যোগ হলো নতুন এক তিক্ত অভিজ্ঞতা। পয়েন্ট তালিকার সবার নিচে থাকা উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে ২-১ গোলে হেরে মাঠ ছেড়েছে বর্তমান শিরোপাধারীরা। মঙ্গলবার রাতে প্রতিপক্ষের মাঠে বল দখল ও আক্রমণে আধিপত্য দেখালেও শেষ মুহূর্তের নাটকীয়তায় জয় ছিনিয়ে নেয় স্বাগতিক উলভস।
ম্যাচের শুরু থেকে লিভারপুল আক্রমণাত্মক খেললেও গোলের দেখা পাচ্ছিল না। ৭৫ মিনিট পর্যন্ত তারা ১৪টি শট নিলেও উলভস একটি শটও নিতে পারেনি। তবে খেলার ধারার বিপরীতে ৭৮তম মিনিটে প্রথম সুযোগেই বাজিমাত করে উলভারহ্যাম্পটন। পাল্টা আক্রমণে দুর্দান্ত এক চিপ শটে গোলরক্ষককে পরাস্ত করে দলকে এগিয়ে নেন রদ্রিগো গোমেজ। এর পাঁচ মিনিট পরই মোহাম্মাদ সালাহর গোলে সমতায় ফেরে লিভারপুল। প্রতিপক্ষের ভুলে বল পেয়ে লিগে ১০ ম্যাচ ও প্রায় চার মাস পর জালের দেখা পান এই মিসরীয় ফরোয়ার্ড।
তবে সমতায় ফেরার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি আর্না স্লটনের শিষ্যদের জন্য। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার আন্দ্রের নেওয়া শট লিভারপুলের ডিফেন্ডারের পায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ালে স্তব্ধ হয়ে যায় অল রেডরা। ৩০ ম্যাচে এটি উলভসের মাত্র তৃতীয় জয় হলেও ১৬ পয়েন্ট নিয়ে তারা এখনো তালিকার তলানিতেই আছে। অন্যদিকে, ২৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে অবস্থান করছে লিভারপুল।