চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা করে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

0
10
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা করে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজধানীসহ সারাদেশে চাঁদাবাজ, অস্ত্রধারী সন্ত্রাসী এবং দাগি অপরাধীদের দমনে কঠোর অবস্থান ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (৪ মার্চ) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে পুলিশকে দুটি বিশেষ অনুশাসন দেওয়া হয়েছে। প্রথমত, প্রতিটি এলাকায় চাঁদাবাজদের একটি সঠিক তালিকা প্রস্তুত করা হবে এবং দ্রুততম সময়ে তাদের আইনের আওতায় আনা হবে। দ্বিতীয়ত, যারা অবৈধ অস্ত্রধারী, দাগি আসামি কিংবা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, তাদের বিরুদ্ধেও একটি স্বচ্ছ তালিকা প্রণয়ন করে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে।

তিনি স্পষ্ট করে বলেন, “এই বিশেষ অভিযান ঢাকা থেকে শুরু হলেও পর্যায়ক্রমে তা সারাদেশে ছড়িয়ে দেওয়া হবে। তালিকা প্রণয়ন ও অভিযানে কোনো ধরনের শিথিলতা বা পক্ষপাতিত্ব বরদাশত করা হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ নির্মোহভাবে কাজ করবে এবং সবকিছু আইনের নিজস্ব গতিতে চলবে।”

দেশের বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষকে আশ্বস্ত করে মন্ত্রী বলেন, সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। পরিকল্পনা অনুযায়ী খুব শিগগিরই মাঠ পর্যায়ে এসব কার্যক্রমের দৃশ্যমান ফলাফল পাওয়া যাবে। এ সময় তিনি সন্ত্রাসবাদ ও চাঁদাবাজিমুক্ত সমাজ গড়তে সংবাদমাধ্যম এবং সাধারণ জনগণের সক্রিয় সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here