প্রশাসনে রদবদল: ৬ জেলায় নতুন এসপিসহ ১০ পুলিশ সুপারের বদলি

0
23
প্রশাসনে রদবদল: ৬ জেলায় নতুন এসপিসহ ১০ পুলিশ সুপারের বদলি

পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১০ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। এর মধ্যে বগুড়া, সিলেট, বরিশাল, জামালপুর, ময়মনসিংহ ও খাগড়াছড়ি—এই ছয় জেলায় নতুন এসপি নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, খাগড়াছড়ির পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদকে বগুড়ায় এবং ডিএমপির উপকমিশনার মো. মোস্তাক সরকারকে খাগড়াছড়ির নতুন এসপি করা হয়েছে। ময়মনসিংহের এসপি মো. মিজানুর রহমানকে নোয়াখালীর পিটিসিতে বদলি করে সেখানে ডিএমপির উপকমিশনার মোহাম্মদ কামরুল হাসানকে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে, জামালপুরের এসপি ড. চৌধুরী মো. যাবের সাদেককে সিলেটে এবং ডিএমপির উপকমিশনার মোছা. ফারহানা ইয়াসমিনকে জামালপুরের এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া বরিশালের নতুন এসপি হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশ সদর দপ্তরের এ জেড এম মোস্তাফিজুর রহমান। আগের কর্মকর্তাদের মধ্যে বগুড়ার এসপি মো. শাহাদাত হোসেন ও সিলেটের এসপি কাজী আখতার উল আলমকে এপিবিএনে এবং বরিশালের এসপি ফারজানা ইসলামকে নৌ-পুলিশে বদলি করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here