ইসলামের শত্রুরা প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: ধর্মমন্ত্রী

0
15
ইসলামের শত্রুরা প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: ধর্মমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের কল্যাণমুখী কাজে বাধা সৃষ্টি করতে ইসলামের শত্রুরা নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

বুধবার (৪ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল আয়োজিত ‘হিফযুল কুরআন ও কুরআন তেলাওয়াত’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যেভাবে আলেম-ওলামাদের কল্যাণে কাজ করেছেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও সেই ধারা অব্যাহত রেখে ধর্মীয় শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। সরকারের এই অগ্রযাত্রাকে থামিয়ে দিতে এবং দেশের ক্ষতি করতে একটি পক্ষ ষড়যন্ত্র করছে উল্লেখ করে তিনি বলেন, “আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন।”

তিনি আরও যোগ করেন, মন্ত্রী হিসেবে নয় বরং জনগণের প্রতিনিধি হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন এবং জনগণের নির্দেশ বাস্তবায়নই তাঁর মূল লক্ষ্য। ব্যক্তিগত, পারিবারিক ও রাষ্ট্রীয় জীবনে কুরআনের আদর্শ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে তিনি সবাইকে ইসলামের সঠিক পথে চলার আহ্বান জানান।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন মাদ্রাসার প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here