ঈদের ছুটি বাড়ল আরও একদিন

0
17
ঈদের ছুটি বাড়ল আরও একদিন

আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে সরকারি ছুটির মেয়াদ আরও একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাংবাদিকদের জানান, ১৮ মার্চ থেকে ঈদের ছুটির অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে সরকারি চাকুরিজীবীরা দীর্ঘ ছুটির সুযোগ পাচ্ছেন। সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৬ সালের রমজান মাস ৩০ দিন পূর্ণ হলে ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্য মাথায় রেখে ১৯ ও ২০ মার্চ এবং ২২ ও ২৩ মার্চ আগে থেকেই নির্বাহী আদেশে ছুটি নির্ধারিত ছিল।

পূর্ব ঘোষণা অনুযায়ী, ঈদের ছুটির আগে ১৭ মার্চ (মঙ্গলবার) শবে কদরের সরকারি ছুটি রয়েছে। মাঝে ১৮ মার্চ (বুধবার) অফিস খোলা থাকায় যাত্রাপথে বিঘ্ন ঘটার সম্ভাবনা ছিল। কিন্তু আজ ১৮ মার্চ সাধারণ ছুটি অনুমোদিত হওয়ায় টানা সাত দিনের (১৭ থেকে ২৩ মার্চ) ছুটির ফাঁদে পড়ছে দেশ। এর ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘ সময় পরিবারের সঙ্গে কাটানোর সুযোগ পাবেন।

উল্লেখ্য, এই ছুটির রেশ এখানেই শেষ নয়। ঈদের ছুটির পর ২৪ ও ২৫ মার্চ (মঙ্গল ও বুধবার) যদি কোনো কর্মকর্তা বাড়তি ছুটি ম্যানেজ করতে পারেন, তবে তিনি টানা ১২ দিনের ছুটি উপভোগ করতে পারবেন। কারণ, এর পরপরই ২৬ মার্চ (বৃহস্পতিবার) স্বাধীনতা দিবসের সাধারণ ছুটি এবং ২৭ ও ২৮ মার্চ শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি রয়েছে। এই দীর্ঘ ছুটির ঘোষণায় সাধারণ মানুষের ঈদযাত্রায় বাড়তি স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here