আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি অংশে বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার মজুমদারের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এবং থ্রি-হুইলারসহ সকল প্রকার অবৈধ যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। ঈদকে সামনে রেখে মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ ও যানজটের ঝুঁকি কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অভিযানে উপস্থিত থাকা নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি জনগণের সচেতনতা ও সমন্বিত উদ্যোগ জরুরি।
মহাসড়ক দখলমুক্ত করার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন চালক ও যাত্রীরা। তারা মনে করেন, রাস্তা পরিষ্কার থাকলে দুর্ঘটনা ও ভোগান্তি উভয়ই কমে আসবে। হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে নিয়মিত টহল ও কড়া নজরদারি অব্যাহত থাকবে এবং ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।