বৈশ্বিক অস্থিরতার মধ্যেই ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

0
19
বৈশ্বিক অস্থিরতার মধ্যেই ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

বিশ্বজুড়ে চলমান অস্থিরতার মধ্যেই নিজেদের সামরিক শক্তির জানান দিল উত্তর কোরিয়া। বুধবার (৫ মার্চ) দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি নতুন একটি ডেস্ট্রয়ার জাহাজ থেকে সফলভাবে ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন করা হয়েছে। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন স্বশরীরে উপস্থিত থেকে এই উৎক্ষেপণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন।

উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম কেসিএনএ (KCNA) জানিয়েছে, দেশটির পশ্চিম উপকূলের নাম্পো শিপইয়ার্ড থেকে ‘চো হিওন’ নামের এই নতুন ডেস্ট্রয়ারটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ৫০০ টন ওজনের এই জাহাজটি উত্তর কোরিয়ার নৌবাহিনীর নিজস্ব প্রযুক্তিতে তৈরি। উদ্বোধনী অনুষ্ঠানে কিম জং উন নৌবাহিনীকে আধুনিকায়ন এবং পরমাণু অস্ত্রে সজ্জিত করার পরিকল্পনার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

উৎক্ষেপণ পর্যবেক্ষণের পর কিম জং উন তাঁর বক্তব্যে দাবি করেন, গত পাঁচ দশকেও নৌ-প্রতিরক্ষায় এমন সাফল্য দেখা যায়নি। তিনি বলেন, ‘শীঘ্রই আমাদের নৌবাহিনী জলভাগ এবং জলতল—উভয় দিক থেকে সমানভাবে আঘাত হানার সক্ষমতা অর্জন করবে।’ তিনি আরও যোগ করেন যে, নৌবাহিনীকে পরমাণু শক্তিতে বলীয়ান করার যে মহাপরিকল্পনা সরকার হাতে নিয়েছে, তা সঠিক পথেই এগোচ্ছে।

পিয়ংইয়ংয়ের এই নতুন সমরাস্ত্র প্রদর্শন এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নতুন করে উত্তেজনার পারদ চড়িয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়ার এই নৌ-সক্ষমতা বৃদ্ধি প্রতিবেশী দেশগুলো এবং যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের কারণ হতে পারে, যা এই অঞ্চলের ভূ-রাজনৈতিক স্থিতিশীলতাকে আরও হুমকির মুখে ফেলতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here