বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে দেশে উন্নত মানের ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির এক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।
বাসস-এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী এসব ভাষা শিক্ষা কেন্দ্র দেশি ও বিদেশি শিক্ষকদের সমন্বয়ে পরিচালনা করার পরামর্শ দিয়েছেন। বৈঠকে বিদেশে কর্মসংস্থানের দ্রুত সুযোগ সৃষ্টি এবং এর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বিদেশে যাওয়ার জন্য যাতে কাউকে নিজের সহায়-সম্পত্তি বিক্রি করতে না হয়, সে বিষয়টি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্বারোপ করেছেন। এ লক্ষ্যে তিনি স্বল্প সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা করা এবং ঋণ পাওয়ার প্রক্রিয়া সহজ করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।
এছাড়া যাত্রীদের সুবিধার্থে দেশের প্রধান তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে অন্যান্য উন্নত দেশের মতো ফ্রি ওয়াইফাই চালু করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব।