বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগে ‘জয় বাংলা’ বলে বক্তব্য শেষ করতেন, আর এখন ‘জিন্দাবাদ’ বলে বক্তব্য শেষ করছেন। গোটা দেশ এখন এভাবেই চলছে। শুধু ‘জয় বাংলা’র পরিবর্তে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ এসেছে এবং একটি দলের জায়গায় আরেকটি দল বসেছে; কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি।
শুক্রবার রাজধানীর উত্তরার ফ্রেন্ডস ক্লাব মাঠে এনসিপির ঢাকা সাংগঠনিক বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বর্তমান পরিস্থিতির কঠোর সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, বিএনপি সরকার গঠনের পর সারাদেশে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। নোয়াখালীর হাতিয়ায় কেবল ‘শাপলা কলি’ প্রতীকে ভোট দেওয়ার জেরে এক নারীকে ধর্ষণের শিকার হতে হয়েছে। সারাদেশে নারী নিপীড়ন ও শিশু ধর্ষণ বৃদ্ধি পেলেও দেশের সুশীল সমাজ এবং নারী অধিকার কর্মীরা রহস্যজনকভাবে নীরব রয়েছেন। তবে সবাই চুপ থাকলেও জাতীয় নাগরিক পার্টি কখনো চুপ করে থাকবে না এবং মানুষের অধিকার নিশ্চিতে এনসিপি সবসময় রাজপথে সরব থাকবে।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী এবং মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ দলের কেন্দ্রীয় ও ঢাকা বিভাগীয় নেতারা।