নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা কার্তুজসহ দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৭ মার্চ) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাঁচিহাটা গ্রামের মোস্তফা কামালের ছেলে ফরহাদ ইসলাম ফাহিম (২০) এবং একই এলাকার নুর হোসেনের ছেলে তাজুল ইসলাম সুমন (৩৪)।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে বেগমগঞ্জ থানা পুলিশের একটি দল ওয়ারেন্ট তামিল ও মাদক-অস্ত্র উদ্ধারে টহলে ছিল। ওই সময় আমানউল্যাপুর ইউনিয়নের কাঁচিহাটা সর্দার দিঘীর পাড় মোড় এলাকায় সেলিমের চায়ের দোকানের সামনে তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখে পুলিশ এগিয়ে যায়। পুলিশ দেখেই তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে দুইজনকে আটক করা হয় এবং একজন পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালালে ফাহিমের প্যান্টের কোমরে গুঁজে রাখা অবস্থায় একটি বিদেশি পিস্তল এবং দুটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা পলাতক আরেক সহযোগীকে নিয়ে এলাকায় আধিপত্য বিস্তার এবং অবৈধ অস্ত্র বেচাকেনার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল। এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় আটক দুইজনসহ পলাতক একজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।