আক্রমণভাগের প্রধান তারকা আর্লিং হালান্ডকে ছাড়াই এফএ কাপের পঞ্চম রাউন্ডে নিউক্যাসলের বিপক্ষে মাঠে নেমেছিল ম্যানচেস্টার সিটি। তবে নরওয়েজিয়ান গোলমেশিনের অভাব একদমই টের পেতে দেননি তার বিকল্প হিসেবে নামা ওমর মারমুশ। তার জোড়া গোলে নিউক্যাসল ইউনাইটেডকে ৩-১ ব্যবধানে হারিয়ে টানা অষ্টম কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে পেপ গার্দিওলার দল।
ম্যাচের শুরুটা ম্যানসিটির জন্য সহজ ছিল না। প্রথম ৩০ মিনিট নিউক্যাসলের তীব্র লড়াইয়ে হিমশিম খেতে হয়েছে তাদের। তবে প্রথমার্ধের ঠিক আগে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সাভিনহোর সমতাসূচক গোল ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
দ্বিতীয়ার্ধে ওমর মারমুশ জ্বলে ওঠেন। জোড়া গোল করে দলকে এনে দেন দাপুটে জয়। এ নিয়ে ম্যানসিটির হয়ে ১৪টি গোল করলেন এই মিসরীয় স্ট্রাইকার, যার অর্ধেকই এসেছে নিউক্যাসলের বিপক্ষে। গড়ে প্রতি ৪৩ মিনিটে একটি করে গোল করা মারমুশকে ৭৩ মিনিটে বদলি হিসেবে মাঠ থেকে উঠিয়ে নেওয়ার সময় আলিঙ্গন করে অভিনন্দন জানান কোচ পেপ গার্দিওলা।
গার্দিওলা বলেন, ‘আমার মনে হয়েছিল সে তাদের বিপক্ষে অনেক গোল করেছিল। সে একজন শীর্ষ স্ট্রাইকার এবং ফিনিশিং তার সবচেয়ে বড় গুণ। বিশেষ করে তার দ্বিতীয় গোল ও আমাদের তৃতীয় গোলে সেটা প্রমাণ করেছে। ছোট জায়গায় ও বলের প্রথম নিয়ন্ত্রণে তাকে উন্নতি করতে হবে, কিন্তু সে এই সাফল্য পাওয়ার যোগ্য।’
এই জয়ে এফএ কাপের ২১ ম্যাচে ১৯তম জয় পেল সিটি। গত দুই আসরের ফাইনালে হারের তিক্ততা থাকলেও এবার বড় পরিবর্তন নিয়ে যেভাবে দল জিতল, তাতে টানা তৃতীয় ফাইনালে ওঠা অবাক করার মতো কিছু হবে না।
এদিকে ৯৭ বছর পর ম্যানসফিল্ড টাউনের মুখোমুখি হয়ে ২-১ ব্যবধানে জিতেছে আর্সেনাল। এবেরেচি এজের গোলে জয় নিশ্চিত করে চার শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রাখল গানার্সরা। অন্যদিকে রেক্সহ্যামের এফএ কাপ মিশন শেষ করে অতিরিক্ত সময়ের গোলে ৪-২ ব্যবধানে জয় তুলে নিয়ে শেষ আটে পা রেখেছে চেলসি।