তেলের মজুত বাড়ছে, বিদ্যুতের দাম বাড়বে না: জ্বালানি মন্ত্রী

0
24
তেলের মজুত বাড়ছে, বিদ্যুতের দাম বাড়বে না: জ্বালানি মন্ত্রী

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, দেশে জ্বালানি তেলের মজুত বাড়ছে এবং আপাতত বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। তবে চলমান যুদ্ধের কারণে তেলের ব্যবহারে রেশনিং পদ্ধতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি।

রোববার (৮ মার্চ) জাতীয় প্রেসক্লাবে উত্তরাঞ্চল ছাত্র ফোরামের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিরোধীরা মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে যে যুদ্ধের কারণে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বেড়ে যাবে। তিনি জনগণকে আশ্বস্ত করে বলেন, দুটি তেলবাহী জাহাজ ইতিমধ্যে বন্দরে নোঙর করেছে, যার ফলে তেলের মজুত আরও বৃদ্ধি পাবে। তবে এর মানে এই নয় যে, আমরা যথেচ্ছভাবে তেল খরচ করব। যতদিন যুদ্ধ শেষ না হয়, ততদিন আমাদের রেশনিং পদ্ধতি মেনে চলতে হবে।

ইকবাল হাসান মাহমুদ টুকু আরও উল্লেখ করেন, যুদ্ধের স্থায়িত্ব সম্পর্কে কেউ নিশ্চিত নয়। তাই একবারে সব শেষ না করে চলার মতো ব্যবস্থা রেখে দীর্ঘমেয়াদে টিকে থাকার কৌশল নেওয়া হয়েছে। তিনি বলেন, যেসব জাহাজ মধ্য সমুদ্রে বা পথে আটকে আছে, সেগুলো না পৌঁছানো পর্যন্ত বর্তমান মজুতে হাত না দেওয়ার নীতি গ্রহণ করা হয়েছে।

এ সময় তিনি জ্বালানি তেল যাতে চোরাচালান বা কালোবাজারে চলে না যায়, সে বিষয়ে নেতাকর্মীসহ সাধারণ জনগণকে সজাগ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান, সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান এবং ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমানসহ উত্তরাঞ্চল ছাত্র ফোরামের নেতারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here