নিরাপদ ঈদযাত্রা ও স্বাধীনতা দিবসে কঠোর নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী

0
28
নিরাপদ ঈদযাত্রা ও স্বাধীনতা দিবসে কঠোর নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী

ঘরমুখো মানুষের নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে এবং স্বাধীনতা দিবস উদযাপনের সময় কঠোর নিরাপত্তা বজায় রাখতে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রবিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা পর্যালোচনা এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস পালন, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন এবং পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকার। তবে চলমান পরিস্থিতির কারণে এবং জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে এবার স্বাধীনতা দিবসে দেশব্যাপী কোনো আলোকসজ্জা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পমাল্য অর্পণসহ সব রাষ্ট্রীয় কর্মসূচি ঘিরে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে। আসন্ন ঈদুল ফিতরে মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সরকার বিশেষ নজর দিচ্ছে। সড়ক পরিবহনে কোনো ধরনের প্রতিবন্ধকতা যাতে সৃষ্টি না হয় এবং জনজীবনে স্বস্তি বজায় থাকে, সে জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

বিশেষ করে গার্মেন্টস সেক্টরে শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে যাতে কোনো অসন্তোষ সৃষ্টি না হয়, সে বিষয়ে বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের সঙ্গে সমন্বয় করা হচ্ছে বলে জানান মন্ত্রী। ঈদের প্রস্তুতি সমন্বয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজিপিকে ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করবেন।

সাম্প্রতিক বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে ‘মব কালচার’ বিলুপ্ত করা হবে। নরসিংদীতে সংঘটিত অপরাধের ঘটনায় দ্রুত আসামিদের গ্রেফতার করা হয়েছে এবং চট্টগ্রামসহ অন্যান্য জায়গার ঘটনাগুলোও পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here