ভোজ্যতেলের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই, আতঙ্কিত হয়ে বেশি কিনবেন না: বাণিজ্যমন্ত্রী

0
12
ভোজ্যতেলের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই, আতঙ্কিত হয়ে বেশি কিনবেন না: বাণিজ্যমন্ত্রী

ভোক্তাদের আতঙ্কিত হয়ে অতিরিক্ত সয়াবিন তেল না কেনার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি নিশ্চিত করেছেন যে, বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং তেলের দাম এক ফোঁটাও বাড়ার সম্ভাবনা নেই।

সোমবার (৯ মার্চ) ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, গত কয়েকদিনে বিভিন্ন গণমাধ্যমে ভোজ্যতেলের সংকট বা লিটারে দুই টাকা বেশি দামে বিক্রির খবর প্রকাশিত হওয়ায় পরিস্থিতি পর্যালোচনার জন্য আমদানিকারক ও রিফাইনারি মালিকদের সঙ্গে বৈঠক করা হয়েছে। বৈঠকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাজারে ভোজ্যতেলের কোনো ঘাটতি নেই। তবে ভোক্তাদের আতঙ্কিত হয়ে অতিরিক্ত কেনাকাটার কারণে সাময়িকভাবে কিছু জায়গায় সরবরাহের ওপর চাপ সৃষ্টি হয়েছে।

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, রাজধানীর একটি বাজারে গিয়ে দেখেছি রাস্তার পাশে বড় দোকানগুলোতে পর্যাপ্ত ভোজ্যতেল রয়েছে এবং বোতলের গায়ে নির্ধারিত দামই লেখা আছে। তবে বাজারের ভেতরের একটি দোকানে সীমিত তেল মজুত রেখে প্রতি লিটারে দুই থেকে তিন টাকা বেশি দামে বিক্রির চেষ্টা করা হচ্ছিল।

ভোক্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘আতঙ্কিত হয়ে বেশি বেশি কেনার কোনো প্রয়োজন নেই। বাজারে যেহেতু পণ্য আছে, তাই অযথা প্রতিযোগিতা করলে অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিতে পারে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানি তেলের মতো ভোজ্যতেলের ক্ষেত্রেও কোনো সংকট নেই। তিনি জ্বালানি তেল, গ্যাস বা ভোজ্যতেল—কোনোটিতেই ‘সংকট’ শব্দটি যুক্ত করে অযথা বিভ্রান্তি তৈরি না করার আহ্বান জানান।

মন্ত্রী আরও জানান, বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে তদারকি কার্যক্রম আরও জোরদার করা হবে এবং এক ফোঁটা তেলের দামও বাড়বে না বলে তিনি আশ্বস্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here