স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।
মঙ্গলবার (১০ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে এই গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়।
স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখার যুগ্ম সচিব সনজীদা শারমিন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস দেশের একজন প্রখ্যাত ইউরোলজিস্ট এবং দীর্ঘ দিন ধরে চিকিৎসা শিক্ষা ও জনস্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
নতুন এই নিয়োগের মাধ্যমে স্বাস্থ্য অধিদফতরের প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।
রাষ্ট্রীয় এই আদেশ জারির পর থেকেই স্বাস্থ্য অধিদফতরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা তাঁকে অভিনন্দন জানাচ্ছেন।