ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যৌথ সামরিক হামলায় ফ্রান্সের কোনো সম্পৃক্ততা নেই এবং এই যুদ্ধকে প্যারিস অনুমোদন করে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট।
ফরাসি সংবাদমাধ্যম ‘ফ্রান্স-২’ কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এই হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থি এবং কোনো সুনির্দিষ্ট কৌশলগত লক্ষ্য ছাড়াই এটি পরিচালিত হচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী ব্যারোট দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, “আমরা এই যুদ্ধকে অনুমোদন করি না এবং এতে অংশগ্রহণও করছি না।” তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের উত্তেজনা হ্রাস করতে ইরানকে তাদের আঞ্চলিক অবস্থানে আমূল পরিবর্তন আনতে হবে।
বৃহত্তর শান্তি প্রতিষ্ঠার স্বার্থে তেহরানকে বড় ধরনের ছাড় প্রদানের প্রয়োজনীয়তার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথ অভিযান শুরু করার পর থেকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি চরম আকার ধারণ করেছে।
বিবিসিসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এই হামলায় এ পর্যন্ত ১ হাজার ২০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১০ হাজারে। ফ্রান্সের এই অবস্থান পশ্চিমা মিত্রদের মধ্যে যুদ্ধ ইস্যুতে বিদ্যমান মতপার্থক্যকে আরও স্পষ্ট করে তুলেছে।