সিলেটের গোয়াইনঘাটে ১২ লাখ টাকার ভারতীয় পণ্যসহ ৮ জন আটক

0
14
সিলেটের গোয়াইনঘাটে ১২ লাখ টাকার ভারতীয় পণ্যসহ ৮ জন আটক

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও শাড়িসহ আটজনকে আটক করেছে পুলিশ।

বুধবার সকালে উপজেলা সদরের ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস ও প্রাইভেটকার তল্লাশি করে এসব পণ্য জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় পণ্যের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৩৮ হাজার ৮৪৫ টাকা।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে গোয়াইনঘাট থানার এসআই মো. মোজাম্মেল হকের নেতৃত্বে পুলিশের একটি টিম এই অভিযান পরিচালনা করে।

এ সময় সীমান্তবর্তী এলাকা থেকে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে আনা বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিকস পণ্য বহনকারী একটি হায়েস মাইক্রোবাস ও একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য উদ্ধার করা হয় এবং পণ্য পরিবহনে ব্যবহৃত গাড়ি দুটিও জব্দ করা হয়।

অভিযানের সময় গাড়ির দুই চালকসহ মোট আটজনকে আটক করা হয়েছে। আটকরা হলেন—নারায়ণগঞ্জের শাওন আহমদ, মো. সুমন মোল্লা, মো. স্বপন মোল্লা, মো. তামিম, সিলেটের মো. আলমগীর হোসেন ও জুয়েল আহমেদ, ঠাকুরগাঁওয়ের মোহাম্মদ রেজাউল করিম এবং কুড়িগ্রামের মো. রুবেল সরকার।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানিয়েছেন, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে চোরাকারবারিরা সক্রিয় হয়ে উঠেছে। চোরাচালান রোধে পুলিশের গৃহীত বিশেষ পদক্ষেপের অংশ হিসেবেই এই অভিযানটি পরিচালিত হয়েছে।

আটকদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং মাদক ও চোরাচালানের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান ভবিষতেও অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here