সাভারের বলিয়ারপুর এলাকায় ‘ডিজিটাল বডি বিল্ডার্স’ নামের একটি বাস তৈরির ওয়ার্কশপে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন ওই ওয়ার্কশপের ভেতরে থাকা একটি বাসে এই আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় আগুন নেভাতে গিয়ে স্থানীয় তিনজন আহত হয়েছেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ওয়ার্কশপটিতে বাস তৈরির কাজ চলত। রাতে হঠাৎ একটি বাসে আগুন ধরে গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। দমকল কর্মীদের প্রায় আধা ঘণ্টার নিরলস প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুরোপুরি নির্বাপণ ও নিরাপত্তা নিশ্চিত করতে রাত ১০টা বেজে যায়।
সাভার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মাহিদুর রিয়াদ জানান, রাত ৮টা ৪০ মিনিটের দিকে তাদের কাছে আগুনের খবর আসে। ওয়ার্কশপের ভেতরে থাকা একটি বাসে আগুন ধরে গিয়েছিল। ফায়ার সার্ভিসের তৎপরতায় ওয়ার্কশপে থাকা অন্যান্য গাড়িগুলো বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। তবে আগুনে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণের সময় স্থানীয় তিনজন আহত হন। আগুনের সূত্রপাত কীভাবে হলো, তা তদন্ত সাপেক্ষে জানা যাবে।