ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২ নেতা রিমান্ডে, কারাগারে ৫

0
17
ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২ নেতা রিমান্ডে, কারাগারে ৫

ঝিনাইদহে বাসে অগ্নিসংযোগ ও ফিলিং স্টেশনে ভাঙচুরের ঘটনায় দায়ের করা পৃথক দুটি মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতার এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে আন্দোলনের আরও পাঁচ নেতাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মোখলেছুর রহমান এ আদেশ প্রদান করেন।

আদালত সূত্রে জানা গেছে, গত ৭ মার্চ দিবাগত রাতে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে বাসে অগ্নিসংযোগের মামলায় জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ন কবির ও ‘দ্য রেড জুলাই’ এর জেলা আহ্বায়ক আবু হাসনাত তানাইমকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করে। আদালত শুনানি শেষে তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। অন্যদিকে, আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদের সৃজনী ফিলিং স্টেশনে ভাঙচুরের মামলায় জেলা আহ্বায়ক সাইদুর রহমান ও সদস্য সচিব আশিকুর রহমান জীবনসহ পাঁচ ছাত্রনেতার রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

উল্লেখ্য, গত ৭ মার্চ সন্ধ্যায় ঝিনাইদহ শহরের তাজ ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পাম্প কর্মীদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ফারদিন আহমেদ নিরব নিহত হন। এই ঘটনার জেরে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ওই রাতে একটি ফিলিং স্টেশনে ভাঙচুর চালায় এবং গভীর রাতে বাস টার্মিনালে থাকা বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়েরের পর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্দোলনের সাত নেতাকে গ্রেপ্তার করে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here