সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
শুক্রবার সকালে তারা স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানান।
জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ ও সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু গণমাধ্যমকে জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার কিছু আগে স্পিকার ও ডেপুটি স্পিকার স্মৃতিসৌধ প্রাঙ্গণে আগমন করেন। এরপর তারা মূল বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং শহিদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
শ্রদ্ধা নিবেদন ও নীরবতা পালন শেষে স্পিকার ও ডেপুটি স্পিকার স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। সব আনুষ্ঠানিকতা শেষ করে সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে তারা স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন।