ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দণ্ডিত যুদ্ধাপরাধীদের নাম অন্তর্ভুক্ত করে শোক প্রস্তাব গ্রহণ করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী)।
শুক্রবার (১৩ মার্চ) দলটির কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক মাসুদ রানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।
বাসদ (মার্কসবাদী)-র পক্ষ থেকে বলা হয়েছে, সংসদের প্রথম অধিবেশনেই একাত্তরের গণহত্যার সহযোগী হিসেবে আদালত কর্তৃক দণ্ডিত ব্যক্তিদের নাম শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করা এবং স্পিকারের মাধ্যমে তা অনুমোদন হওয়া অত্যন্ত ন্যাক্কারজনক। দলটির দাবি, এর মাধ্যমে মুক্তিযুদ্ধের লাখো শহীদের আত্মত্যাগের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা করা হয়েছে।
মাসুদ রানা তাঁর বিবৃতিতে উল্লেখ করেন, নির্বাচনের আগে বিএনপি নিজেকে মুক্তিযুদ্ধের চেতনার সপক্ষের শক্তি হিসেবে পরিচয় দিয়ে ভোট প্রার্থনা করেছিল। কিন্তু সংসদের শুরুতেই দলটির চিফ হুইপ কর্তৃক যুদ্ধাপরাধীদের নাম শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া ভোটারদের সঙ্গে এক ধরনের প্রতারণা। তিনি মনে করেন, এই পদক্ষেপ বর্তমান সরকারের রাজনৈতিক অবস্থানের একটি নেতিবাচক বহিঃপ্রকাশ।
বাসদ (মার্কসবাদী) এই ঘটনার প্রেক্ষাপটে দেশের সচেতন নাগরিক সমাজকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছে।