সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

0
13
সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি ১১ দলীয় জোটের

অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করলে রাজপথে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে ১১ দলীয় জোট। শনিবার (১৪ মার্চ) রাজধানীর একটি মিলনায়তনে জোটের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে এই হুঁশিয়ারি দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ।

সংবাদ সম্মেলনে ড. হামিদুর রহমান আযাদ অভিযোগ করেন, জুলাই সনদের ভিত্তিতে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য গণভোট অনুষ্ঠিত হয়েছিল। এতে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে রায় দিয়েছে। কিন্তু জাতীয় সংসদের অধিবেশন ডাকা হলেও রহস্যজনক কারণে এখনও সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা হয়নি। তিনি বলেন, জুলাই সনদ অনুযায়ী সংসদ নেতা বা প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শে রাষ্ট্রপতির এই অধিবেশন ডাকার কথা থাকলেও সেই প্রক্রিয়া এখনো দৃশ্যমান নয়।

সরকারকে সতর্ক করে তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে জনগণের ভোটাধিকার ও প্রত্যাশা রক্ষায় বিরোধী দলগুলো রাজপথে নামতে বাধ্য হবে। এ বিষয়ে আন্দোলনের রূপরেখা ও পরবর্তী কর্মসূচি নির্ধারণে আগামী ২৮ মার্চ জোটের শীর্ষ নেতাদের বৈঠক ডাকার প্রস্তাব করা হয়েছে বলে জানান তিনি।

সাম্প্রতিক নির্বাচন নিয়ে জনমনে উদ্বেগ রয়েছে উল্লেখ করে জামায়াত নেতা বলেন, একে ‘ইতিহাসের সেরা নির্বাচন’ দাবি করা হলেও বাস্তবে জনগণের ভোটাধিকারের পূর্ণ প্রতিফলন ঘটেনি। এছাড়া ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ এবং প্রশাসনে দলীয়করণের তীব্র সমালোচনা করে তিনি অনতিবিলম্বে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান।

সংসদে বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে ড. আযাদ স্পষ্ট করেন যে, সরকারকে সহযোগিতার পাশাপাশি জনগণের স্বার্থে সংসদ ও রাজপথ—উভয় জায়গাতেই তারা সোচ্চার থাকবেন। জুলাই সনদের আংশিক নয়, বরং পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, জনগণের রায়ে এটি আইনি স্বীকৃতি পেয়েছে, তাই সরকারকে তা বাস্তবায়ন করতেই হবে। বৈঠকে এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, এলডিপি, এবি পার্টি, ইসলামী পার্টি ও লেবার পার্টিসহ জোটভুক্ত বিভিন্ন দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here