বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কটূক্তি করার অভিযোগে করা মানহানির মামলায় স্থায়ী জামিন পেয়েছেন কুষ্টিয়া–৩ (সদর) আসনের এমপি ও জামায়াত নেতা মুফতি আমির হামজা।
রোববার (১৪ জুন) দুপুর আড়াইটার দিকে তিনি আদালতের এজলাসে প্রবেশ করেন। এরপর জামিন আবেদনের ওপর শুনানি হয়। আসামি পক্ষে শুনানি করেন আইনজীবী মোঃ আবু তালেব। অপরদিকে বাদী পক্ষে ছিলেন সিরাজগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল। পরে উভয় পক্ষের শুনানী শেষে বিচারক সুমন কুমার সূত্রধর তার জামিন আবেদন মঞ্জুর করেন।
এরপর আদালত থেকে বের হয়ে সাংবাদিকদের কাছে ব্রিফ করেন আসামি পক্ষের আইনজীবী আবু তালেব। তিনি বলেন, মানহানির দুটি মামলায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাকে স্থায়ী জামিন দিয়েছেন আদালত।
এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় সংক্ষুব্ধ হয়ে গত গত ২ এপ্রিল সিরাজগঞ্জ জেলা দায়রা ও জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি ও জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. হুমায়ুন কবির বাদী হয়ে মামলাটি করেন। সেই মানহানি মামলায় গত ২৭ এপ্রিল কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা আমির হামজাকে আট সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট। এ মামলায় তিনি স্থায়ী জামিন নিতে সিরাজগঞ্জের আদালতে আত্মসমর্পন করেন। পরে আদালত তার আবেদন শুনে তার জামিন মঞ্জুর করেন।
এর আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকোকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ইসলামি বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জ আদালতে মানহানির মামলা করা হয়। চলতি বছরের মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ সদর আমলী আদালতে বাদী হয়ে মামলাটি দায়ের করেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান। এ মামলায় ১০ হাজার টাকা মুচলেকা দিয়ে তিনি আইনজীবীর মাধ্যমে তিনি জামিন আবেদন করলে বিচারক সুমন কুমার সুত্রধর শুনানি শেষে তাকে জামিন দেন।