কেন্দ্রীয় শহীদ মিনারে রাকিবুল হত্যা: ৪ জন গ্রেপ্তার

0
16
কেন্দ্রীয় শহীদ মিনারে রাকিবুল হত্যা: ৪ জন গ্রেপ্তার

রাজধানীর শাহবাগের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বোরহানুদ্দীন পোস্টগ্র্যাজুয়েট কলেজের শিক্ষার্থী রাকিবুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ মার্চ) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রেমঘটিত বিরোধের জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। হামলায় সাত থেকে আটজন অংশ নিয়েছিলেন এবং একটি নির্দিষ্ট এলাকা থেকে তাদের ভাড়া করে ঢাকায় আনা হয়েছিল। গত রোববার রাত সোয়া ৯টার দিকে শহীদ মিনারের সিঁড়িতে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় রাকিবুলকে লক্ষ্য করে প্রথমে গুলি এবং পরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। ঘটনার পরপরই উপস্থিত জনতা চাপাতিসহ এক হামলাকারীকে ধরে শাহবাগ থানায় সোপর্দ করেছিলেন।

নিহত রাকিবুল রাজধানীর বোরহানুদ্দীন পোস্টগ্র্যাজুয়েট কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাবা তারিকুল ইসলাম খোকন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলের কর্মচারী। রাকিবুলের গ্রামের বাড়ি ভোলা সদর উপজেলায়।

এই বিষয়ে আজ দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে বিস্তারিত ব্রিফিং করার কথা থাকলেও অনিবার্য কারণবশত তা স্থগিত করা হয়েছে। তবে জড়িত অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here