জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

0
24
জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এ জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান একসঙ্গে অংশ নিয়ে নামাজ আদায় করেন।

এছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুস সালাম, মন্ত্রিপরিষদের সদস্য, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, বিভিন্ন রাজনৈতিক নেতা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ নানা শ্রেণি-পেশার মুসল্লিরা জামাতে অংশ নেন। নামাজ শেষে তারা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করেন।

ঈদের প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে খুতবা প্রদান করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহ ময়দানকে জামাতের জন্য সম্পূর্ণ প্রস্তুত করা হয়। এখানে নারীদের জন্য আলাদা প্রবেশপথ, অযু ও নামাজের ব্যবস্থা রাখা হয়। পাশাপাশি ভিআইপি ব্যক্তিদের জন্য বিশেষ ব্যবস্থাও ছিল। মুসল্লিদের সুবিধার্থে পর্যাপ্ত অযুখানা ও চিকিৎসা সেবার জন্য মেডিকেল টিম রাখা হয়। সব মিলিয়ে প্রায় ৩৫ হাজার মুসল্লির জন্য ব্যবস্থা করা হয়, যার মধ্যে সাড়ে তিন হাজার নারী অংশগ্রহণের সুযোগ পান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here