জাতীয় নির্বাচক কমিটি পুনর্গঠনের অংশ হিসেবে চার সদস্যের একটি নতুন প্যানেল গঠনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগে বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের পর্যবেক্ষণের ভিত্তিতে নির্বাচক নিয়োগ দেওয়া হলেও এবার আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাক্ষাৎকার শেষে চূড়ান্ত করা হবে নতুন প্যানেল।
ক্রিকবাজের তথ্য অনুযায়ী, সাক্ষাৎকার বোর্ডে রয়েছেন বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম এবং সাবেক জাতীয় অধিনায়ক ও বর্তমান পরিচালক খালেদ মাহমুদ। তাদের কাছে ইতোমধ্যে বেশ কয়েকজন প্রার্থী ইতিবাচক সাড়া দিয়েছেন।
এর আগে নির্বাচক প্যানেলে তিনজন সদস্য থাকলেও এবার একজন প্রধান নির্বাচকসহ চার সদস্যের প্যানেল গঠনের পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে নাজমুল আবেদীন জানিয়েছেন, প্যানেল তিন সদস্যের মধ্যেই সীমাবদ্ধ রাখার কোনও বাধ্যবাধকতা নেই; প্রয়োজন অনুযায়ীই তা গঠন করা হবে।
এদিকে, সাবেক প্রধান নির্বাচক হাবিবুল বাশার-এর নেতৃত্বেই নতুন প্যানেল গঠনের সম্ভাবনা জোরালো। তার সঙ্গে যুক্ত হতে পারেন সাবেক জাতীয় দলের ব্যাটার নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী। সম্প্রতি প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ানো গাজী আশরাফ হোসেন-এর পর নির্বাচক প্যানেলে একমাত্র সদস্য হিসেবে থাকা হাসিবুল হোসেন-ও নতুন এই প্যানেলে থাকতে পারেন।