ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় ভোরে এক ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) ভোর ৪টার দিকে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের এই সংঘর্ষে অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন মোটরসাইকেল আরোহী, একজন বাসের সুপারভাইজার এবং একজন যাত্রী রয়েছেন বলে নিশ্চিত করেছে হাইওয়ে পুলিশ।
মহিপাল হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ আসাদুল ইসলাম জানান, মহাসড়কের রামপুর এলাকায় চট্টগ্রাম অভিমুখী লেনের সংস্কার কাজ চলায় যানবাহনগুলো ধীরগতিতে চলছিল। এ সময় একটি অ্যাম্বুলেন্স পার হওয়ার সময় পেছন থেকে শ্যামলী পরিবহনের একটি বাস সেটিকে ধাক্কা দেয়। এই ঘটনা নিয়ে বাস ও অ্যাম্বুলেন্স চালকের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে পেছনে মোটরসাইকেলসহ আরও কিছু যানবাহনের জটলা তৈরি হয়। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে বেপরোয়া গতিতে আসা দোয়েল পরিবহনের একটি বাস দাঁড়িয়ে থাকা ওই জটলার ওপর তুলে দিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। নিহত ৩ জনের মরদেহ বর্তমানে ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে, নিহত ও আহতদের নাম-পরিচয় শনাক্তের কাজ চলছে। দুর্ঘটনার ফলে মহাসড়কের ওই অংশে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।