ভারত সফর বাতিল করেছেন লাতিন পপ সম্রাজ্ঞী শাকিরা। প্রায় ১৯ বছর পর ভারতের মাটিতে গান গাওয়ার কথা ছিল তার কিন্তু নিরাপত্তার কারণে সেই পরিকল্পনা থেকে পিছিয়ে আসতে বাধ্য হলেন এই গায়িকা।
আগামী ১০ ও ১৫ এপ্রিল ভারতে দুটি শো করার কথা ছিল তার। ভক্তদের ব্যাপক চাহিদার কথা মাথায় রেখে পরে ১১ এপ্রিল মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্সের মাঠে আরও একটি শো যুক্ত করা হয়।
মুম্বাইয়ে দু’দিন এবং দিল্লিতে একদিন পারফর্ম করার কথা ছিল শাকিরার। এই কনসার্টগুলোর টিকিটের সর্বনিম্ন মূল্য ছিল ৬০০০ টাকা এবং সর্বোচ্চ ভিআইপি টিকিটের দাম ছুঁয়েছিল লাখ টাকার ঘর।
প্রিয় গায়িকাকে সামনে থেকে দেখার আশায় ইতোমধ্যে হাজার হাজার অনুরাগী টিকিট সংগ্রহ করেছিলেন। ভিনদেশি ও ভিনরাজ্যের ভক্তরা সেরেছিলেন বিমান ও হোটেল বুকিং।
সফর বাতিলের ঘোষণায় মুহূর্তেই সেই উচ্ছ্বাস বিষাদে রূপ নিয়েছে। অনুষ্ঠানের আয়োজকরা এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আমরা দুঃখিত। সম্প্রতি পশ্চিম এশিয়ায় যে সংঘর্ষ চলছে, তার কারণেই এমন সিদ্ধান্ত নিতে হল। কারণ, আমাদের কাছে অনুরাগীদের ও শিল্পীর নিরাপত্তা সবার উপরে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘ইতোমধ্যেই যারা টিকিট কেটে ফেলেছিলেন, আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে টাকা ফেরত পেয়ে যাবেন। পরে কবে ফের অনুষ্ঠান হবে, তা নিয়ে এখনই কোনও দিন নির্ধারণ হয়নি।’