দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহতের সংখ্যা বেড়ে ২৫

0
18
দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহতের সংখ্যা বেড়ে ২৫

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল এবং জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. হাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। উদ্ধারকৃতদের মধ্যে ১১ জন নারী, ৭ জন শিশু এবং ৭ জন পুরুষ রয়েছেন।

উল্লেখ্য, বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়ার ৩ নম্বর পল্টুন দিয়ে কুষ্টিয়া থেকে ঢাকাগামী ‘সৌহার্দ্য পরিবহন’-এর বাসটি ফেরিতে ওঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে তলিয়ে যায়। দুর্ঘটনার পর থেকে ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ এবং স্থানীয় ডুবুরি দল সম্মিলিতভাবে উদ্ধার অভিযান পরিচালনা করছে। পানির তীব্র স্রোত ও গভীরতার কারণে উদ্ধারকাজ ব্যাহত হলেও এখন পর্যন্ত ২৫টি মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, উদ্ধারকৃত মরদেহগুলো শনাক্তকরণের প্রক্রিয়া চলছে এবং শনাক্ত হওয়া সাপেক্ষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিখোঁজ আর কোনো যাত্রী আছেন কি না, তা নিশ্চিত করতে নদী ও বাসের ভেতরে তল্লাশি অব্যাহত রয়েছে। এই মর্মান্তিক ঘটনায় পুরো রাজবাড়ী জেলা ও ঘাট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here