রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিনে দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে দেওয়া আগামী ১২০ ঘণ্টার বিশেষ পূর্বাভাসে জানানো হয়, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপের বর্ধিতাংশ এবং দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপের প্রভাবে আবহাওয়ার এই পরিবর্তন ঘটতে পারে। এই সময়ে বৃষ্টিপাতের পাশাপাশি সারা দেশে তাপমাত্রার উল্লেখযোগ্য ওঠানামার আভাসও দিয়েছে সংস্থাটি।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, প্রথম দুই দিন খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। তবে শনিবার (২৮ মার্চ) থেকে বৃষ্টির প্রবণতা ও পরিধি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এদিন রংপুর, ময়মনসিংহ ও সিলেটের অনেক জায়গাসহ ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগেও বজ্রবৃষ্টির পাশাপাশি বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। বৃষ্টির প্রভাবে শনিবার দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমলেও পরবর্তী দিনগুলোতে তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, চতুর্থ ও পঞ্চম দিনেও দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে, বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। তবে এই পাঁচ দিন অতিবাহিত হওয়ার পর দিন ও রাতের তাপমাত্রা পুনরায় বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে দেশের কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টিহীন এলাকাগুলোতে আবহাওয়া প্রধানত শুষ্ক রয়েছে।

