মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার রাজনগর গ্রামের ঘোড়ামারা পাড়ায় স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, মরদেহের অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বেশ কয়েকদিন আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। পচন ধরার কারণে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, মৃত্যুর সঠিক কারণ নির্ণয় এবং নিহতের পরিচয় উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।