পুলিশ কোনো বিশেষ দলের লাঠিয়াল বাহিনী নয়, বরং তারা হবে জনগণের অকৃত্রিম বন্ধু: স্বরাষ্ট্রমন্ত্রী

0
27
পুলিশ কোনো বিশেষ দলের লাঠিয়াল বাহিনী নয়, বরং তারা হবে জনগণের অকৃত্রিম বন্ধু: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুলিশ বাহিনীকে আধুনিক, সেবাধর্মী ও মানবিক সংস্থায় রূপান্তরের অঙ্গীকার ব্যক্ত করেছেন।

শনিবার বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত এই কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো পুলিশ বাহিনীকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে সম্পূর্ণ মুক্ত রাখা এবং নিয়োগ, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে একমাত্র মানদণ্ড হিসেবে মেধা ও জ্যেষ্ঠতাকে প্রতিষ্ঠা করা। তিনি স্পষ্ট করে জানান যে, পুলিশ কোনো বিশেষ দলের লাঠিয়াল বাহিনী নয়, বরং তারা হবে জনগণের অকৃত্রিম বন্ধু।

স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে ব্রিটিশ আমলের সেকেলে পুলিশ আইন পরিবর্তন করে সময়োপযোগী ও জনবান্ধব আইন প্রণয়নের ওপর জোর দেন।

তিনি জানান, একটি স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনের কাজ চলছে, যার মাধ্যমে বাহিনীটিকে পুরোপুরি পেশাদার হিসেবে গড়ে তোলা হবে।

নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আইনের চোখে সবাই সমান—সেটি কোনো রাজনৈতিক কর্মী হোক বা প্রান্তিক কৃষক। চেইন অফ কমান্ড, শৃঙ্খলা ও আনুগত্যকে বাহিনীর মূল ভিত্তি হিসেবে উল্লেখ করে তিনি পুলিশকে ক্ষমতার অপব্যবহার না করে সেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান।

বর্তমান ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় স্বরাষ্ট্রমন্ত্রী নবীন পুলিশ কর্মকর্তাদের আধুনিক তথ্যপ্রযুক্তিতে সর্বোচ্চ কারিগরি জ্ঞান অর্জনের নির্দেশ দেন। বিশেষ করে সাইবার নিরাপত্তা ও ডিজিটাল অপরাধ দমনে তাদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে দুর্নীতি থেকে দূরে থাকার জন্য কঠোর সতর্কবার্তা দেন তিনি।

অনুষ্ঠানে জানানো হয়, ২০২৫ সালের ১ মার্চ শুরু হওয়া এই দীর্ঘমেয়াদী প্রশিক্ষণে মোট ৭২ জন কর্মকর্তা (৬ জন নারী ও ৬৬ জন পুরুষ) সফলভাবে উত্তীর্ণ হয়েছেন।

অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এবং পুলিশের আইজিপিসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here