গাজীপুরের শ্রীপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ অধ্যক্ষের মৃত্যু

0
22
গাজীপুরের শ্রীপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ অধ্যক্ষের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ ঢাকা অক্সব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শাহেদা আহমেদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার (২৯ মার্চ) সকালে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাঁর মৃত্যু হয়। নিহত শাহেদা আহমেদ ৫০ বছর বয়সী এবং শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের মো. জসিম উদ্দিনের স্ত্রী।

গাজীপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঈদের ছুটিতে বাড়িতে এসে রান্না করার সময় ২৫ মার্চ বুধবার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে এবং তিনি অগ্নিদগ্ধ হন। বিস্ফোরণের সময় তার শরীর দাউ দাউ করে জ্বলতে থাকে। পরিবারের সদস্যসহ আশপাশের লোকজন সঙ্গে সঙ্গে পানির পাম্প চালিয়ে প্রচুর পরিমাণ পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এরপর প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে অবস্থা অবনতির কারণে তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হলেও চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি মারা যান।

নিহতের স্বামী মো. জসিম উদ্দিন বলেন, “সিলিন্ডার বিস্ফোরণের সময় শরীরের অধিকাংশ অংশ জ্বলে গেছে। আমরা দ্রুত প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। এরপর ঢাকায় ভর্তি করলে অবস্থার উন্নতি হয়নি।”

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাছির আহমদ জানান, সিলিন্ডার বিস্ফোরণে একজন অগ্নিদগ্ধের মৃত্যু হয়েছে। নিহতের পরিবার ও আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রাথমিক তদন্ত শুরু করেছে।

নিহত অধ্যক্ষ শাহেদা আহমেদ ছিলেন শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিন ধরে দায়িত্বশীল ভূমিকা পালনকারী একজন শিক্ষক ও শিক্ষাব্যবস্থাপক। তার মৃত্যু শ্রীপুরের শিক্ষাব্যবস্থায় শোকের ছায়া ফেলে। স্কুলের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা গভীর শোক প্রকাশ করেছেন।

স্থানীয়রা জানিয়েছেন, সিলিন্ডার বিস্ফোরণের কারণে আশেপাশের ঘরবাড়িতেও ক্ষতি হয়েছে। বিস্ফোরণের পর আতঙ্কে আশেপাশের মানুষজন ঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে যান। পুলিশ ও ফায়ার সার্ভিসের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গাজীপুরের শ্রীপুরে এই ধরনের দুর্ঘটনা আগে কমই ঘটেছে, তবে বিশেষজ্ঞরা মনে করছেন, সিলিন্ডারের সঠিক ব্যবহার ও নিয়মিত রক্ষণাবেক্ষণ না হলে এমন দুর্ঘটনা প্রতিরোধ করা কঠিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here