সিলেটে পেট্রোল পাম্প মালিকদের ধর্মঘট প্রত্যাহার

0
19
সিলেটে পেট্রোল পাম্প মালিকদের ধর্মঘট প্রত্যাহার

প্রশাসনের সঙ্গে আলোচনার পর সিলেটে পেট্রোল পাম্প মালিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা আসে।

বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের বিভাগীয় সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধানের আশ্বাস পাওয়ার পরিপ্রেক্ষিতে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে, প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান পরিচালনা এবং বিভিন্ন সময় জরিমানা আদায়ের প্রতিবাদে বুধবার রাত সাড়ে ১১টার দিকে সিলেট বিভাগের সব পেট্রোল পাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশনে ধর্মঘটের ডাক দিয়েছিল মালিক সমিতি। এই ধর্মঘটের ফলে গত রাত থেকে জ্বালানি তেল ও গ্যাস বিক্রি বন্ধ থাকায় চালক ও সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, পুলিশ সুপার ড. যাবের সাদেক, মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ প্রশাসনের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠকে উভয় পক্ষ তাদের অবস্থান তুলে ধরলে আলোচনার মাধ্যমে সংকটের সুরাহা হয়। ধর্মঘট প্রত্যাহারের পাশাপাশি যেকোনো সমস্যা ভবিষ্যতে আলোচনার মাধ্যমে সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন পাম্প মালিক সংগঠনের নেতারা। এরপরই সিলেটে স্বাভাবিক জ্বালানি সরবরাহ প্রক্রিয়া শুরু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here