শুক্রবার (৩ এপ্রিল) দুপুর ১টার মধ্যে সিলেট অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ভোর ৫টায় আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ধেয়ে আসা এই ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৈরী আবহাওয়ার কারণে সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই সময়ে বাতাসের গতিবেগ ও ঝড়ের তীব্রতার কারণে স্থানীয় নদীবন্দরে চলাচলকারী নৌযানগুলোকে সতর্ক অবস্থায় থাকতে হবে। উল্লেখ্য, গতকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস জানিয়ে আসছিল আবহাওয়া অফিস, যা সিলেট অঞ্চলে আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে।