মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ৩ ভাইকে কুপিয়ে জখম

0
25
মাদারীপুরে জমি নিয়ে বিরোধে ৩ ভাইকে কুপিয়ে জখম

মাদারীপুর সদর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ৩ সহোদর ভাইকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। সদরের খোয়াজপুর ইউনিয়নের বিদ্যাবাগিস এলাকায় এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে।

আহত তিন ভাইকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভুক্তভোগীদের পরিবারের অভিযোগ, খোয়াজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহেল চৌকিদার তার লোকজন নিয়ে এই সশস্ত্র হামলা চালিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যাবাগিস এলাকার সোবহান চৌকিদারের সঙ্গে যুবলীগ নেতা সোহেল চৌকিদারের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এই শত্রুতার জেরে সোহেল তার অনুসারীদের নিয়ে সোবাহানের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় সোবাহানকে বাঁচাতে তার দুই ভাই বাচ্চু চৌকিদার ও যাচ্চু চৌকিদার এগিয়ে আসলে তাদেরও কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়।

তিন ভাইয়ের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হতে শুরু করলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here